সুব্রত বাইনের মেয়ে আটক
দেশের একসময়ের শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলীর মেয়ে সাবিনা ইয়াছমিন বিথিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ এর সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় কুমিল্লা কারাগার এলাকায় অভিযান চালানো হয় এবং সেখান থেকেই বিথিকে আটক করা হয়। প্রাথমিক প্রক্রিয়া শেষে রাতেই তাকে ঢাকার ডিবি পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, বাবার অপরাধ সাম্রাজ্যের সঙ্গে মেয়ের কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে সন্ত্রাসী চক্রের আর্থিক লেনদেন পরিচালনা, গোপন যোগাযোগ রক্ষা কিংবা পলাতক সহযোগীদের সহায়তা করার ক্ষেত্রে বিথির কোনো ভূমিকা ছিল কি না—সে বিষয়ে তদন্ত চলছে।
বরিশাল জেলার আগৈলঝাড়া থানার চুবরিয়া এলাকার বাসিন্দা ৬১ বছর বয়সী সুব্রত বাইন ২০০১ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় অন্যতম ছিলেন।
নিরাপত্তা ও প্রশাসনিক কারণে গত ৫ ডিসেম্বর দুপুরে তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। ধারণা করা হচ্ছে, বাবার খোঁজখবর নিতেই কারাফটকে গিয়েছিলেন বিথি।