বিজয় দিবসে জাবি ছাত্রশক্তির তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী
মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছবিচত্বরে সমাপনী আয়োজনের মধ্য দিয়ে এ প্রদর্শনীর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং বিজয়ের চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধিরা। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের অগ্রনায়ক ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জাবি শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রদর্শনী পরিদর্শন করেন।
প্রদর্শনীতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত, শহীদদের আত্মত্যাগ, যুদ্ধকালীন সাধারণ মানুষের সংগ্রাম এবং বিজয়ের আনন্দঘন ক্ষণগুলো আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়।
একই সঙ্গে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন চিত্র প্রদর্শনের মাধ্যমে সমসাময়িক গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতাও ফুটিয়ে তোলা হয়।
এ সময় জাবি শাখা ছাত্রশক্তির সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, “বিজয়ের ৫৪ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এই তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটে উজ্জীবিত হয়ে সাম্য, মানবিক মর্যাদা, ধর্মীয় বৈচিত্র্য ও বৈষম্যমহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় আমাদের।”
তিনি আরও বলেন, “বিজয় দিবসের চেতনা ধারণ করে আগামীতেও এমন শিক্ষামূলক ও সচেতনতামূলক আয়োজন অব্যাহত থাকবে।”