ওসমান হাদির মৃত্যুতে কাল রাষ্ট্রীয় শোক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে আগামী শনিবার (২০ ডিসেম্বর) সারা দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া এক জরুরি ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই ঘোষণা দেন।
রাষ্ট্রীয় শোকের এই দিনে দেশের সকল রাষ্ট্রীয় ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হতে পারে।
নির্বাচনী জনসংযোগ থেকে ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে টানা ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর আজ বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন ওসমান হাদি।
তাঁর মৃত্যুর সংবাদে দেশজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। সেই প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চলছে প্রতিবাদ।
এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। গুলি তার মাথায় লাগে।
আশঙ্কাজনক অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
পরবর্তীতে আরও উন্নত চিকিৎসার জন্য সোমবার ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে সিঙ্গারপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে ভর্তি করা হয় তাকে। সেখানে ৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।