অপারেশন ডেভিল হান্ট : ২৪ ঘণ্টায় গ্রেফতার- ৭৮৩
দেশজুড়ে চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৭৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি উদ্ধার করা হয়েছে ১৯টি আগ্নেয়াস্ত্র।
শনিবার (২০ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অভিযানের এই অগ্রগতির কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি এই বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে ২০ হাজার ৩৩৩টি মোটরসাইকেল এবং ১৭ হাজার ৯২৩টি গাড়ি তল্লাশি করা হয়।
তল্লাশিকালে বৈধ কাগজপত্র না থাকাসহ ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৩৫৬টি মোটরসাইকেল আটক করেছে পুলিশ। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ অস্ত্র ও অপরাধীদের বিরুদ্ধে এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।