নির্বাচন কমিশনের সাথে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ আজ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবন বা ইসি সচিবালয়ে এই বিশেষ সভা অনুষ্ঠিত হবে।
ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনা সংক্রান্ত একটি সভা রোববার দুপুর ২টা ৩০ মিনিটে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় নির্বাচন কমিশনারগণ উপস্থিত থাকবেন।’
আরও পড়ুন- অপারেশন ডেভিল হান্ট : ২৪ ঘণ্টায় গ্রেফতার- ৭৮৩
মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সভার মূল আলোচ্য বিষয় হিসেবে বলা হয়েছে, নির্বাচন-পূর্ব সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা। অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে যৌথ বাহিনীর অভিযান জোরদার করা। নির্বাচনী আচরণবিধি-২০২৫ কঠোরভাবে প্রতিপালন নিশ্চিত করা। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়াদি নিয়ে আলোচনা।
এর আগে দুপুর ১২ টায় সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানগণ নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করবেন বলে ইসি সচিবালয়ের পরিচালক জনসংযোগ ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছেন।
তিনি জানান, রোববার দুপুর ১২টায় তিন বাহিনীর প্রধানগণ নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করবেন। দুপুর আড়াইটায় আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হবে। সভাশেষে বেজমেন্টে গণমাধ্যমে এ বিষয়ে ব্রিফিং করা হবে।
সভা শেষে ইসি সচিবালয়ের বেজমেন্টে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ের মাধ্যমে সভার সিদ্ধান্তসমূহ জানানো হবে।