ওসমান হাদি হত্যা: প্রধান আসামি ফয়সালের স্ত্রীসহ তিনজন আবারও রিমান্ডে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল দাউদের স্ত্রীসহ তিনজনের দ্বিতীয় দফায় চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (২০ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ শুনানি শেষে এই আদেশ দেন।
দ্বিতীয় দফায় রিমান্ডে নেওয়া আসামিরা হলেন—প্রধান আসামি ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক (সামিয়ার ভাই) ওয়াহিদ আহমেদ এবং মারিয়া আক্তার লিমা। এর আগে গত ১৫ ডিসেম্বর তাদের প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।
পাঁচ দিনের রিমান্ড শেষে আজ আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা তাদের আবারও সাত দিনের রিমান্ডের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন- নির্বাচন কমিশনের সাথে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ আজ
পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১২ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে পল্টন থানাধীন বক্স কালভার্ট রোডে শরিফ ওসমান হাদির উপর দুষ্কৃতিকারীরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় গত ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।
মামলার নথিপত্র অনুযায়ী, গত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে প্রচারণা চালিয়ে ফেরার পথে পল্টনের বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগীরা চলন্ত অবস্থায় ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
গুরুতর আহত অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে ছয় দিন চিকিৎসার পর গত ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।