তারেক রহমানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করছে সরকার: প্রেস সচিব
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে সরকার স্বাগত জানিয়েছে এবং তাঁর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস সচিব জানান, তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে বিএনপির নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, “আমরা তাঁর বাংলাদেশে ফেরাকে স্বাগত জানাই। তাঁর নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে বিএনপির সঙ্গে পরামর্শ করা হচ্ছে এবং তাঁদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় প্রটোকল ও সুরক্ষার ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে শফিকুল আলম বলেন, সরকার এই ঘটনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া গেছে এবং ইতিপূর্বেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
একইসঙ্গে তিনি জানান, দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় একাধিক মামলা হয়েছে এবং জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।
ময়মনসিংহে পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে প্রেস সচিব বলেন, ভিডিও বিশ্লেষণ করে অন্তত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইন উপদেষ্টা জানিয়েছেন, দিপু হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সম্পন্ন হবে। এ ছাড়াও দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সচেষ্ট রয়েছে বলেও তিনি ব্রিফিংয়ে উল্লেখ করেন।
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।