তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির
দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন। তার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় তিনি এই অভিনন্দন জানান।
ফেসবুক পোস্টে জামায়াত আমির ডা. শফিকুর রহমান লেখেন, ‘জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম!’ দুই দলের দীর্ঘদিনের রাজনৈতিক মিত্রতার প্রেক্ষাপটে তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে ইতিবাচক হিসেবে দেখছে জামায়াত।
এর আগে আজ সকাল ১০টার দিকে তারেক রহমান ও তাঁর পরিবারকে বহনকারী বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে উড়ে এসে সরাসরি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে সংক্ষিপ্ত যাত্রাবিরতি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় বিমান। অবশেষে বেলা ১১টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের বহনকারী বিশেষ ফ্লাইটটি অবতরণ করে।
বিমানবন্দরে পৌঁছানোর পর সব আনুষ্ঠানিকতা শেষে তারেক রহমান পূর্বনির্ধারিত গণঅভ্যর্থনা স্থলের দিকে রওনা হন। তবে তাঁর সহধর্মিনী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান কড়া নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে দুপুরের আগেই গুলশানের নির্ধারিত বাসভবনে গিয়ে পৌঁছান।