তারেক রহমানের ২৬ ডিসেম্বরের কর্মসূচি
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পরদিন অর্থাৎ আগামীকাল শুক্রবারও (২৬ ডিসেম্বর) ব্যস্ত সময় পার করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিন তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতসহ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার জুমার নামাজ শেষ করে তারেক রহমান সরাসরি রাজধানীর শেরেবাংলা নগরে যাবেন। সেখানে তিনি তাঁর বাবা ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর সেখান থেকে তিনি সাভারের উদ্দেশ্যে রওনা দেবেন এবং জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
আরও পড়ুন- সবাই মিলে প্রত্যাশিত সেই বাংলাদেশকে গড়ে তুলতে চাই: তারেক রহমান
এর আগে গত বুধবার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তারেক রহমানের আগমনের তিন দিনের কর্মসূচি তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
পরদিন শনিবারও (২৭ ডিসেম্বর) তারেক রহমানের একাধিক কর্মসূচি রয়েছে। এদিন তিনি তাঁর জাতীয় পরিচয়পত্র (NID) সংক্রান্ত প্রয়োজনীয় কাজ সম্পন্ন করবেন। তবে এর জন্য তিনি সশরীরে আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে যাবেন কি না, তা দলের পক্ষ থেকে পরে পরিষ্কার করা হবে।
আরও পড়ুন- দেশ নিয়ে আমার একটি পরিকল্পনা আছে : তারেক রহমান
একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তিনি। সেখান থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত পঙ্গু হাসপাতালে গিয়ে আন্দোলনে আহত ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজখবর নেবেন।
ওই দিন আরও একটি অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে, যার বিস্তারিত পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।