হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে বাড়ছে অবস্থান
রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচি আরও দীর্ঘ হচ্ছে।
আজ শনিবার (২৭ ডিসেম্বর) সময় গড়ানোর সাথে সাথে শাহবাগ মোড়ে আন্দোলনকারীদের ভিড় ক্রমেই বাড়ছে। প্রিয় নেতার খুনিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শুক্রবার থেকেই এলাকাটি অবরোধ করে রেখেছেন কয়েক হাজার মানুষ।
সরেজমিনে দেখা যায়, আজ দুপুরে শাহবাগ মোড়েই আন্দোলনকারীদের অনেকে মিলে জামাতে জোহরের নামাজ আদায় করেন। নামাজের সময়টুকুতে মাইক ও স্লোগান বন্ধ রেখে শান্ত পরিবেশ বজায় রাখা হয়।
নামাজের পর পুনরায় শুরু হয় বিচারের দাবিতে স্লোগান। শাহবাগ চত্বরের এক পাশে নারী, শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সংহতি জানিয়ে বসে থাকতে দেখা গেছে।
আন্দোলনে অংশ নেওয়া শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারিন ক্ষোভ প্রকাশ করে বলেন, “শরীফ ওসমান হাদি ভাইয়ের মতো একজন মানুষকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হলো, অথচ এত দিন হয়ে গেলেও মূল খুনিদের গ্রেপ্তার করা যায়নি। আমরা তরুণরা কি এমন একটি রাষ্ট্রের জন্য জুলাই মাসে রাজপথে জীবন বাজি রেখেছিলাম? বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘর ছাড়ব না।”
তীব্র শীত আর কুয়াশা উপেক্ষা করে গতকাল শুক্রবার রাতভর শাহবাগে অবস্থান করেছেন আন্দোলনকারীরা। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, যতক্ষণ পর্যন্ত ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার এবং দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হচ্ছে, ততক্ষণ এই অবস্থান কর্মসূচি চলবে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হয়েছিলেন ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন। তাঁর এই শাহাদাতকে কেন্দ্র করে সারা দেশেই বিচারের দাবিতে তোলপাড় চলছে।