এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারা
নতুন রাজনৈতিক দল এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদ থেকে পদত্যাগ করেছেন ডা. তাসনিম জারা। আজ শনিবার (২৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। একই সঙ্গে তিনি ঢাকা-৯ আসন থেকে আসন্ন সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার সিদ্ধান্ত জানিয়েছেন।
দলীয় সূত্রমতে, পদত্যাগের পর এনসিপির অভ্যন্তরীণ গ্রুপে একটি বিদায়ী বার্তা দিয়েছেন তাসনিম জারা। সেখানে তিনি লিখেছেন, “প্রিয় সহযোদ্ধাগণ, আমি দল থেকে পদত্যাগ করেছি। গত দেড় বছরে আপনাদের থেকে অনেক কিছু শিখেছি। সে জন্য আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের সবার জন্য শুভকামনা রইল।”
আরও পড়ুন- হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে বাড়ছে অবস্থান
এলাকাবাসীর উদ্দেশ্যে দেওয়া বার্তায় তাসনিম জারা বলেন, “প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী, আমি আপনাদেরই ঘরের মেয়ে। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্মে সংসদে গিয়ে এলাকা ও দেশের মানুষের সেবা করা। কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে আমি কোনো দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও যোগ করেন, “পরিস্থিতি যাই হোক না কেন, নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার যে প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম, তা রক্ষা করতে আমি দৃঢ়প্রতিজ্ঞ। তাই ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই লড়ব।”
স্বতন্ত্রভাবে লড়ার চ্যালেঞ্জগুলো জানিয়ে তিনি বলেন, “একটি দলের প্রার্থী হলে অফিসের সুবিধা, সুসংগঠিত কর্মী বাহিনী এবং প্রশাসনের সাথে নিরাপত্তা বিষয়ে কথা বলার সুযোগ থাকে। দল ছেড়ে দেওয়ায় আমার এসব কিছুই থাকবে না। এখন আমার একমাত্র ভরসা আপনারা। আপনাদের মেয়ে হিসেবে আমার সততা আর ইচ্ছাশক্তির ওপর যদি আপনাদের সমর্থন থাকে, তবেই আমি সেবা করার সুযোগ পাব।”
নির্বাচনী আইনের একটি কঠিন শর্তের কথা উল্লেখ করে তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী হতে হলে ঢাকা-৯ আসনের ৪ হাজার ৬৯৩ জন ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর প্রয়োজন। আগামীকাল থেকেই এই স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু করবেন তিনি। মাত্র এক দিনে এত বিশাল সংখ্যক মানুষের স্বাক্ষর জোগাড় করাকে তিনি প্রায় ‘অসম্ভব কাজ’ হিসেবে দেখলেও এলাকাবাসীর ওপর ভরসা রাখছেন।