সময় বাড়ল আয়কর রিটার্ন জমা দেওয়ার
২০২৫-২৬ করবর্ষের জন্য ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা দ্বিতীয়বারের মতো বাড়িয়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, করদাতারা এখন আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত তাঁদের রিটার্ন জমা দিতে পারবেন।
এক আদেশের মাধ্যমে এনবিআর জানায়, আগের নির্ধারিত সময়সীমা ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে ৩১ জানুয়ারি করা হয়েছে। আয়কর আইন, ২০২৩-এর ৩৩৪ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে জনস্বার্থে এই সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এর আগে রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। তবে করদাতাদের বিভিন্ন বাস্তব সমস্যা ও অসুবিধার কথা বিবেচনা করে প্রথম দফায় সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছিল। বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে করদাতাদের সুবিধার্থে আবারও এক মাস সময় বাড়িয়ে নতুন তারিখ নির্ধারণ করা হলো।
জাতীয় রাজস্ব বোর্ড থেকে করদাতাদের অনুরোধ জানানো হয়েছে, শেষ মুহূর্তের ভিড় বা কোনো ধরনের আইনি জটিলতা এড়াতে যেন বর্ধিত এই সময়সীমার মধ্যেই তাঁরা রিটার্ন জমা দিয়ে দেন। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব পালন করে ঝামেলামুক্ত থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।