নির্বাচনে অংশ নিবেন না আসিফ মাহমুদ
রাজনৈতিক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন না বলে নিশ্চিত করেছে দলটি।
নির্বাচনে অংশগ্রহণ না করলেও এনসিপির ‘নির্বাচনকালীন মুখপাত্র’ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এই ঘোষণা দেন।
যোগদান শেষে আসিফ মাহমুদকে ফুল দিয়ে বরণ করে নেন দলের কেন্দ্রীয় নেতাকর্মীরা। নাহিদ ইসলাম জানান, আসিফ মাহমুদ তাঁর সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে দলের নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেবেন।
আরও পড়ুন- কয়েকজনের পদত্যাগে দলে কোনো প্রভাব পড়বে না : আখতার হোসেন
সংবাদ সম্মেলনে জানানো হয়, এনসিপি ইতোমধ্যে সারাদেশে ৪০টি আসনে তাদের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করেছে। তবে জোটের সঙ্গে এখনো চূড়ান্ত আসন সমঝোতা হয়নি। খুব দ্রুতই অন্যান্য শরিকদের সঙ্গে আলোচনা শেষ করে জোটের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
এর আগে আসিফ মাহমুদের নির্বাচন করা নিয়ে রাজনৈতিক মহলে বেশ আলোচনা ছিল। জানা যায়, গত বুধবার কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে তাঁর পক্ষ থেকে এনসিপির এক কর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। জেলা প্রশাসক কার্যালয় থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।
এছাড়া উপদেষ্টার পদ ছেড়ে দেওয়ার পর তিনি ঢাকা-১০ আসন থেকে লড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন এবং সেই এলাকার ভোটারও হয়েছিলেন। তবে দলটির আজকের ঘোষণার মাধ্যমে তাঁর নির্বাচনে দাঁড়ানোর সব সম্ভাবনার অবসান ঘটল।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর উপদেষ্টার পদ থেকে ইস্তফা দেন আসিফ মাহমুদ। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের অন্যতম এই নেতা এখন নির্বাচনের মাঠের বদলে সাংগঠনিক মাঠেই এনসিপিকে নেতৃত্ব দেবেন।