আসুন দেশটাকে নতুন করে গড়ে তুলি : তারেক রহমান
দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার পর আজ সোমবার (২৯ ডিসেম্বর) প্রথমবারের মতো নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেল ৪টার দিকে হাজারো নেতাকর্মীর ভিড় ঠেলে কার্যালয়ে প্রবেশ করেন তিনি। এরপর দোতলার বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষমাণ জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং দেশ গড়ার আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, “আজ কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নেই, তাই বিস্তারিত কিছু বলব না। শুধু এটুকুই বলব—আসুন, আমরা যার যার অবস্থান থেকে দেশটাকে নতুন করে গড়ার চেষ্টা করি। দেশপ্রেম মানে শুধু বড় বড় কাজ নয়; রাস্তায় এক টুকরো কাগজ বা ময়লা পড়ে থাকলেও তা সরিয়ে আমরা পরিচ্ছন্নতার কাজ শুরু করতে পারি। এভাবে ছোট ছোট কাজের মাধ্যমে আসুন আমরা দেশটাকে গড়ে তুলি।”
বক্তব্যের শুরুতেই তিনি নিজের এবং অসুস্থ মা বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চান। তিনি বলেন, “আপনারা সবাই ভালো থাকবেন। আমার জন্য এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন।” এ সময় রাজপথে থাকা হাজার হাজার নেতাকর্মী মুহুর্মুহু স্লোগানে প্রিয় নেতাকে স্বাগত জানান।
এর আগে বেলা ৩টার দিকে গুলশানের বাসভবন থেকে নয়াপল্টনের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। ঠিক ৪টায় কার্যালয়ে পৌঁছালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।
এ সময় দলের সিনিয়র নেতৃবৃন্দ, যুবদল ও ছাত্রদলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। প্রিয় নেতার আগমনকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকাকে সাজানো হয়েছিল বর্ণিল সাজে।
তারেক রহমানের আগমন ঘিরে পুরো এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানোর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন ছিল। গতকাল গুলশানে রাজনৈতিক কার্যালয়ে বসে দাপ্তরিক কাজ সারলেও আজ কেন্দ্রীয় কার্যালয়ে বসে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন তারেক রহমান।
দীর্ঘ ১৭ বছর পর দলের প্রধান কার্যালয়ে তাঁর এই সশরীরে উপস্থিতি নেতাকর্মীদের মধ্যে এক নতুন প্রাণের সঞ্চার করেছে। নয়াপল্টন এলাকায় সকাল থেকেই ছিল উৎসবের আমেজ।