খালেদা জিয়ার জানাজার স্থান ও সময় জানাল সরকার
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজার পর তাঁকে শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে সাংবাদিকদের এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
আরও পড়ুন- নিভে গেল গণতন্ত্রের প্রদীপ্ত শিখা, এক নক্ষত্রের মহাপ্রয়াণ
আইন উপদেষ্টা জানান, সাবেক প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোতে শোক বই খোলা হবে। তিনি আরও বলেন, “উপদেষ্টা পরিষদের সভায় বেগম খালেদা জিয়ার দাফন ও জানাজা সম্পর্কিত বিষয়ে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সভায় প্রধান উপদেষ্টা নিজে বেগম জিয়ার বিভিন্ন স্মৃতিচারণ করেন।”
এর আগে আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর এই প্রয়াণে দেশের রাজনীতিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।