মায়ের জন্য ক্ষমা ও দোয়া চাইলেন তারেক রহমান
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় উপস্থিত হতে মানিক মিয়া এভিনিউ ও এর আশেপাশে উপস্থিত হয়েছিলেন কয়েক লাখ মানুষ। জানাজায় পরিবারের পক্ষ থেকে কথা বলেন তারেক রহমান। সেখানে মায়ের ভুল-ত্রুটির জন্য ক্ষমা চেয়ে তাঁর জন্য দোয়া করতে বলেন তিনি।
আজ বুধবার (৩১ ডিসেম্বর) মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজের পূর্বে পরিবার ও দলের পক্ষ থেকে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আজকে এখানে সকল ভাইয়েরা ও বোনেরা যারা উপস্থিত আছেন আমার মা বেগম খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় তিনি আপনাদের কারো কাছ থেকে যদি কোন ঋণ নিয়ে থাকেন দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন। আমি সেটি পরিশোধের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ।’
পরক্ষণেই মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়ে তারেক বলেন, ‘একই সাথে মা জীবিত থাকাকালে তাঁর কোন ব্যবহারে এবং কোন কথায় কেউ যদি আঘাত পেয়ে থাকেন তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। দোয়া করবেন আল্লাহ তা’আলা যাতে উনাকে বেহেশত নসিব করেন।’