সাঁথিয়ায় যুবলীগ নেতা ইসরাফিল গ্রেফতার
পাবনার সাঁথিয়ায় নিষিদ্ধ যুবলীগ নেতা ও শীর্ষ সন্ত্রাসী ইসরাফিলকে (৪০) গ্রেফতার করেছে সাঁথিয়া থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় নন্দনপুর বাজার থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। সে ধোপাদহ ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মুন্নাফ সরদারের ছেলে ও ধোপাদহ ইউনিয়ন যুবলীগের নেতা।
সাঁথিয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও বিএনপি’র গুম, খুন মামলা সংরক্ষণ কর্মকর্তা সালাউদ্দিন খান পিপিএম বলেন, সে একজন সন্ত্রাসী। ফ্যাসিষ্ট আমলে সে বহুমানুষকে মেরেছে। জোর করে ভোট কেটে নিয়েছে।
তিনি বলেন, বর্তমানে একটি দল তাকে শেল্টার দিচ্ছে। যে কারণে আগের ওসি তাকে ধরে নাই। তিনি পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান যুবলীগের এই সন্ত্রাসী একাধিক মামলার আসামী ইসরাফিলকে গ্রেফতার করায়।
সাঁথিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁর নামে একাধিক মামলা আছে। তার বিরুদ্ধে নাশকতারও অভিযোগ থাকায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।