ঢাবি শিবিরের নতুন কমিটি গঠন
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুহা. মহিউদ্দিন খান। এছাড়াও সেক্রেটারি হিসেবে আশিকুর রহমান (কাজী আশিক) এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মু. সাজ্জাদ হোসাইন খাঁন মনোনীত হয়েছেন।
আজ সোমবার (৫ জানুয়ারি) সকাল ৮টায় রাজধানীর শহীদ মাহবুবুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত এক সদস্য সমাবেশে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে সরাসরি ভোট প্রদান করেন। ভোট গণনা শেষে প্রধান অতিথি কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম সর্বাধিক ভোটপ্রাপ্ত মুহা. মহিউদ্দিন খানকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং তাকে শপথবাক্য পাঠ করান।
পরবর্তীতে সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মুহা. মহিউদ্দিন খান ২০২৬ সেশনের জন্য আশিকুর রহমান (কাজী আশিক)-কে শাখা সেক্রেটারি ও মু. সাজ্জাদ হোসাইন খাঁনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনয়ন প্রদান করেন।
কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় সদস্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।