ত্রয়োদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সরাসরি কোনো প্রতিনিধি দল পাঠাবে না জাতিসংঘ। জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক প্রশ্নের জবাবে এ কথা জানান।
গতকাল সোমবার (৬ জানুয়ারি) তিনি জানান, জাতিসংঘের সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের সুনির্দিষ্ট অনুমোদন (ম্যান্ডেট) ছাড়া তারা কোনো নির্বাচনে পর্যবেক্ষক পাঠায় না।
তবে তিনি উল্লেখ করেন, নির্বাচনকালীন সময়ে জাতিসংঘের স্থানীয় ‘কান্ট্রি অফিস’ অনেক সময় কারিগরি সহায়তা দিয়ে থাকে। এবারের নির্বাচনে তেমন কোনো সহায়তা দেওয়া হচ্ছে কি না, তা পরবর্তীতে জানাবেন তিনি।
দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা এবং বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে করা প্রশ্নের জবাবে ডুজারিক সরাসরি কোনো রাজনৈতিক বিশ্লেষণ করতে রাজি হননি।
তিনি বলেন, “খবর বা পরিস্থিতি বিশ্লেষণ করা সাংবাদিকদের কাজ। আমরা কেবল বাংলাদেশের জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষা এবং অবাধ মতপ্রকাশের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়াকে সব সময় সমর্থন করে যাব।”
ব্রিফিংয়ে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রতিক্রিয়া জানতে চাইলে ডুজারিক গভীর শোক প্রকাশ করে বলেন, “তাঁর মৃত্যুতে আমরা স্বাভাবিকভাবেই তাঁর শোকসন্তপ্ত পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”