সাবেক নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদের জমি-ব্যাংক-গাড়ি জব্দ
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর জমি, গাড়ি এবং ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত এই আদেশ দেন।
আদালতের তথ্যমতে, খালিদ মাহমুদের জব্দকৃত সম্পদের মধ্যে রয়েছে রাজধানীর উত্তরায় পাঁচ কাঠার একটি প্লট এবং দিনাজপুরে ২৩ দশমিক ২১ একর জমি। দিনাজপুরের ১৮ একর জমির অর্জিত মূল্য দেখানো হয়েছে ২ কোটি ৪৪ লাখ টাকার বেশি। এছাড়া ৩ কোটি ১৪ লাখ টাকা জমা থাকা ছয়টি ব্যাংক হিসাব, ৩ লাখ টাকার এফডিআর, সঞ্চয়পত্র এবং ৭০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি গাড়িও ফ্রিজ বা অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন- আওয়ামী লীগের সমালোচনার কারণেই হত্যা করা হয় ওসমান হাদিকে
গত বছরের ৮ এপ্রিল দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম বাদী হয়ে খালিদ মাহমুদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, সাবেক এই প্রতিমন্ত্রী তাঁর বৈধ আয়ের উৎসের বাইরে ৫ কোটি ৭৩ লাখ ৮২ হাজার ৬৮৭ টাকার সম্পদ অর্জন করেছেন। এছাড়া তাঁর ১১টি ব্যাংক হিসাব ও ৫টি কার্ডে ১৩ কোটি ৬৮ লাখ টাকারও বেশি ‘সন্দেহজনক’ লেনদেনের তথ্য পাওয়া গেছে।
আদালতে দেওয়া আবেদনে উল্লেখ করা হয়, আসামি খালিদ মাহমুদ চৌধুরী তাঁর অর্জিত স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর বা মালিকানা পরিবর্তনের চেষ্টা করছেন। এমনকি তিনি দেশ ছেড়ে পালিয়ে আত্মগোপন করতে পারেন বলেও বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ দ্রুত ক্রোক ও ফ্রিজ করা প্রয়োজন। উল্লেখ্য, এর আগেই গত বছরের ২৬ জুন তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন একই আদালত।
দুদক আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় তাঁর বিরুদ্ধে আনা এসব অভিযোগের তদন্ত বর্তমানে চলমান রয়েছে।