জকসু নির্বাচন : ভিপিসহ শীর্ষ তিন পদেই শিবিরের বড় জয়

জকসু নির্বাচন : ভিপিসহ শীর্ষ তিন পদেই শিবিরের বড় জয়

জকসু নির্বাচন : ভিপিসহ শীর্ষ তিন পদেই শিবিরের বড় জয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত জকসু নির্বাচনে বাজিমাত করেছে ইসলামী ছাত্রশিবির। আজ বুধবার (৭ জানুয়ারি) শেষ হওয়া দীর্ঘ ভোট গণনা শেষে দেখা গেছে, ভিপিসহ শীর্ষ তিনটি গুরুত্বপূর্ণ পদেই জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থীরা।

ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয়ী হয়েছেন জবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম। ৩৯টি কেন্দ্রের মধ্যে ৩৮টি কেন্দ্রের প্রকাশিত ফলাফল অনুযায়ী, তিনি পেয়েছেন ৫ হাজার ৫৬৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র অধিকার পরিষদ ও ছাত্রদল সমর্থিত প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। রিয়াজুল ইসলাম ৮৭৬ ভোটে এগিয়ে আছেন। বাকি একটি কেন্দ্রের ভোটে হারানো সম্ভব নয়।

উল্লেখযোগ্য বিষয় হলো, গণনার শুরুর দিকে রাকিব এগিয়ে থাকলেও শেষ মুহূর্তের ফলাফলে রিয়াজুল জয় ছিনিয়ে নেন।

সাধারণ সম্পাদক (জিএস) পদে বড় ব্যবধানে জয়ী হয়েছেন জবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল আলিম আরিফ। ৩৮ কেন্দ্রে তিনি পেয়েছেন ৫ হাজার ৪৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছাত্র অধিকার পরিষদ ও ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট। আরিফ এগিয়ে আছেন ৩ হাজার ২৬৭ ভোটে।

অন্যদিকে, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয় পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জবি শাখার আহ্বায়ক মাসুদ রানা, যিনি অদম্য জবিয়ান ঐক্য প্যানেল থেকে নির্বাচনে অংশ নেন। ৩৮ কেন্দ্র শেষে তিনি ভোট পেয়েছেন ৬ হাজার ২টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছাত্র অধিকার পরিষদ ও ছাত্রদল সমর্থিত প্রার্থী আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৩ হাজার ৯৪৪ ভোট। মাসুদ রানা এগিয়ে আছেন ১ হাজার ৫৮ ভোটে।

গতকাল মঙ্গলবার জকসুর ইতিহাসে প্রথম নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে মঙ্গলবার রাত সাড়ে ১২টা থেকে ভোট গণনা শুরু হয়। প্রায় ২৩ ঘণ্টার ম্যারাথন গণনা শেষে আজ বুধবার রাত সাড়ে ১১টায় ফলাফল স্পষ্ট হয়। যদিও প্রতিটি কেন্দ্রের ফল আলাদাভাবে ঘোষণা করা হয়েছে, তবে নির্বাচন কমিশন এখনো সমন্বিত আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার কাজ শেষ করেনি।