ইসিতে তৃতীয় দিনের আপিল শুনানিতে ৪১ জনের প্রার্থিতা বৈধ

নতুন সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

ইসিতে তৃতীয় দিনের আপিল শুনানিতে ৪১ জনের প্রার্থিতা বৈধ

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তৃতীয় দিনের আপিল শুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এ শুনানি হয়।

এদিন নির্বাচন কমিশন ৭০ জন প্রার্থীর আপিল শুনানি করে। এর মধ্যে ৪০ জনের আপিল মঞ্জুর করা হয়। এছাড়া গতকালের একটি পেন্ডিং আপিল শুনানি শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। ফলে আজ মোট ৪১ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

ইসি জানায়, নানা কারণে ২৫ জনের আপিল নামঞ্জুর করা হয়েছে। এর মধ্যে একজন শুনানিতে উপস্থিত ছিলেন না। চারজনের আপিল পেন্ডিং রাখা হয়েছে। আর একজনের আপিল শুনানি হয়নি।

এর আগে রোববার ৭১ থেকে ১৪০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। আজ সোমবার ১৪১ থেকে ২১০ নম্বর আপিলের শুনানি সম্পন্ন হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

সংশোধিত তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তি চলবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচারণা শুরু হবে।

প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাত টা পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাত টা থেকে বিকেল সাড়ে চার টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।