দুর্বৃত্তদের হামলায় র্যাব সদস্য নিহত, আহত ৪
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে শীর্ষ সন্ত্রাসীদের ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে র্যাব। দুর্বৃত্তদের অতর্কিত এই হামলায় ডিএডি মোতালেব নামে এক র্যাব সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে দুর্গম পাহাড়ি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও র্যাব সূত্রে জানা গেছে, বিকেলে র্যাবের একটি দল জঙ্গল সলিমপুরের ছিন্নমূল ও পাহাড়ি এলাকায় অভিযানে যায়। এসময় সন্ত্রাসীরা হঠাৎ করে র্যাবকে লক্ষ্য করে গুলি, ইট-পাটকেল ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা র্যাবের ৩ সদস্য ও একজন সোর্সকে ধরে পাহাড়ের ভেতরে নিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র্যাবের অতিরিক্ত সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় ডিএডি মোতালেবকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে কনস্টেবল রিফাতুলকে চট্টগ্রাম সিএমএইচ-এ ভর্তি করা হয়েছে। তবে তিনি বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ভূমিদস্যুদের আস্তানা জঙ্গল সলিমপুর স্থানীয়রা জানান, জঙ্গল সলিমপুরের প্রায় ৩ হাজার ১০০ একর সরকারি খাস জমি দীর্ঘ ৪০ বছর ধরে ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীদের দখলে রয়েছে। প্রায় ৩০ হাজার কোটি টাকা মূল্যের এই বিশাল জমির দখল নিয়ে এলাকায় প্রায়ই মারামারি ও খুনের ঘটনা ঘটে। এলাকাটি দুর্গম হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ঢুকলেই সন্ত্রাসীদের পাহারাদাররা খবর পৌঁছে দেয়। এর আগেও সেখানে র্যাব, পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের ওপর একাধিকবার হামলার ঘটনা ঘটেছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীদের ধরতে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম র্যাব সদস্য নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছে। সন্ত্রাসীদের এই দখলদারিত্বের কারণে ওই জমিতে সরকারের বেশ কিছু বড় প্রকল্পের কাজও থমকে আছে।