দুই দশক পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান
আগামী ২৭ জানুয়ারি বরিশাল সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বরিশাল বিভাগীয় নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, ২৭ জানুয়ারি বেলা ২টায় নগরের বান্দ রোডের ঐতিহ্যবাহী বেলস পার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান জানান, গত বুধবার রাতে ঢাকার গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের চেয়ারম্যানের বরিশাল সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এদিকে তারেক রহমানের বরিশাল সফরের খবরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্যসচিব মীর জাহিদুল কবির জাহিদ।
বিভাগের ৬টি জেলা থেকে কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে বলে আশা করছেন নেতৃবৃন্দ। দীর্ঘ প্রতীক্ষার পর দলীয় প্রধানকে সরাসরি দেখার সুযোগ পেয়ে উজ্জীবিত সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীরা। স্থানীয় একজন কর্মী জানান, ‘দেশ নেতা কবে আসবেন, প্রবল আগ্রহ নিয়ে তার অপেক্ষায় আছি।’
উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালের ১৪ মে বরিশালে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে একটি কর্মীসভায় অংশ নিয়েছিলেন তারেক রহমান।