ত্রয়োদশ নির্বাচন: ২১ জেলায় ব্যালট পেপার পাঠাল ইসি
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটগ্রহণের দিনক্ষণ ঘনিয়ে আসায় ব্যস্ততা বেড়েছে নির্বাচন কমিশনে (ইসি)। প্রস্তুতির অংশ হিসেবে এরই মধ্যে দেশের ২১টি জেলায় প্রার্থীদের নাম ও প্রতীক সম্বলিত ব্যালট পেপার পাঠানো হয়েছে।
আজ সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের ইসি সচিবালয় থেকে এসব নির্বাচনি সামগ্রী বিতরণ শুরু হয়।
ইসি সূত্রে জানা গেছে, ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে ধাপে ধাপে এসব সরঞ্জাম রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হচ্ছে। মালামালগুলো বর্তমানে জেলা পর্যায়ে সংরক্ষিত থাকবে এবং ভোটের আগের দিন কঠোর পাহারায় প্রতিটি কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আজ সোমবার দ্বিতীয় দফায় মোট আটটি জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে। জেলাগুলো হলো— গাজীপুর, মুন্সীগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, হবিগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ।
এর আগে গত রোবার (১ ফেব্রুয়ারি) প্রথম দফায় ১৩টি জেলায় ব্যালট পাঠানো হয়েছিল। সেই তালিকায় ছিল— দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট, মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, বাগেরহাট, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি।
একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য প্রায় ২৬ কোটি ব্যালট পেপার ছাপানো হচ্ছে। এই বিপুল ব্যালট ছাপাতে মোট ব্যয় হচ্ছে ৪০ কোটি টাকা।
তফসিল অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে ভোটগ্রহণ করা হবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে মাঠ পর্যায়ে পুলিশ, র্যাব ও বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করার কাজও শুরু হয়ে গেছে।