ভোটকেন্দ্রে হামলা করলে কেউ রেহাই পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ভোটকেন্দ্রে হামলা চালিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই। হামলাকারী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।
আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তিনি জানান, এবার আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। সারা দেশে পুলিশ ২৫ হাজার ৭০০ বডি ক্যামেরা ব্যবহার করবে এবং ভোটের দিন পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ওড়ানো হবে।
বিভাগীয় প্রশাসনের নির্বাচনি প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘নির্বাচনের জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, তাতে দেশবাসী একটি সুষ্ঠু নির্বাচন উপহার পাবে। তবে সবার সহযোগিতা ছাড়া একটি সুন্দর নির্বাচন সম্ভব নয়।’
শেরপুরের ঝিনাইগাতিতে একজন নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটি একটি দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা ঘটনার জন্য দায়ী সবাইকে আইনের আওতায় আনা হবে।’
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘নির্বাচনের দিন সব প্রার্থীর এজেন্ট থাকবে। ফলাফল রেডি হলেই ঘোষণা করা হবে। এখন মোবাইল ফোনের যুগ, এজেন্টের মাধ্যমে সবাই আগেই ফলাফল পেয়ে যায়। ফলাফল ঘোষণায় দেরি হবে না।’
অস্ত্র উদ্ধারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শুধু অবৈধ অস্ত্র কেন যে সব অস্ত্র লুট হয়েছে সেগুলোই এখনও উদ্ধার হয়নি। কিছু কিছু অস্ত্র উদ্ধার হয়েছে কিছু হয়নি। তবে অস্ত্র উদ্ধার বেড়ে গেছে। এ বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণ হবে।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে এই সভায় বিজিবি মহাপরিচালক ও বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।