শপথ নিলেন ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

শপথ নিলেন ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল
বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : পিএমও

শপথ নিলেন ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপতির কার্যালয় বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথবাক্য পাঠ করান।

এর আগে বঙ্গভবনে পৌঁছালে সামরিক সচিব ও অন্যান্য সচিবরা নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অক্টাগনে অভ্যর্থনা জানান। পরে তাকে ভিভিআইপি-১ আসনে নিয়ে যাওয়া হয়।

এ সময় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানান। পরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও নবনির্বাচিত রাষ্ট্রপতি একসঙ্গে দরবার হলে প্রবেশ করেন। এ সময় রাষ্ট্রপতির আগমনী সুর বাজানো হয় এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

অতিথিরা আসন গ্রহণের পর মন্ত্রিপরিষদ সচিব ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির অনুমতি নিয়ে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শপথ অনুষ্ঠান শুরু করেন।

এরপর মন্ত্রিপরিষদ সচিব উপস্থিত অতিথিদের সামনে রাষ্ট্রপতি নির্বাচন আইন উপস্থাপন করেন। পরে ভারপ্রাপ্ত স্পিকারকে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পাঠ করানোর জন্য অনুরোধ করা হয়।

শপথ গ্রহণ শেষে নতুন ও বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি পরস্পরের আসন পরিবর্তন করেন। এরপর স্পিকার ও নবনির্বাচিত রাষ্ট্রপতি শপথের নথিতে স্বাক্ষর করেন। দায়িত্ব গ্রহণের পর বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও নতুন রাষ্ট্রপতি পরস্পরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।