অপ্রতিরোধ্য যাত্রা শেষে দেশে ফিরল বাংলাদেশ
নেপালের মাটিতে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অবিশ্বাস্য পারফরম্যান্স উপহার দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশ্বকাপের টিকিট হাতে নিয়ে দেশে ফিরেছে নিগার সুলতানা জ্যোতির দল।
আজ সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে নেপাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে বাংলার মেয়েরা।
পুরো টুর্নামেন্টে বাংলাদেশ ছিল অপ্রতিরোধ্য। গ্রুপ পর্বের ৪টি ম্যাচের সবকটিতে জিতে দাপটের সাথে সুপার সিক্সে ওঠে টাইগ্রেসরা। সেখানেও জয়ের ধারা অব্যাহত রেখে টানা ৩ ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে দেয় তারা।
টুর্নামেন্টের ১০টি দলের মধ্যে একমাত্র বাংলাদেশই একটি ম্যাচও না হেরে অপরাজিত থেকে মাঠ ছেড়েছে। ফাইনালে নেদারল্যান্ডসকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ট্রফি নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশের এই সাফল্যে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ব্যাটার সুবহানা মুস্তারি। পুরো আসরে ৭ ম্যাচে ২৬২ রান করে তিনি দলের সর্বোচ্চ এবং টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। অভিজ্ঞ শারমিন আক্তার সুপ্তাও ব্যাট হাতে দারুণ অবদান রেখেছেন, তাঁর ব্যাট থেকে এসেছে ১৯৫ রান।
বোলিংয়েও পিছিয়ে ছিল না বাংলাদেশ। স্পিনার রাবেয়া খান ৭ ম্যাচে ৯টি উইকেট নিয়েছেন। এছাড়া স্বর্ণা আক্তার ও নাহিদা আক্তার দুজনেই নিয়েছেন ৮টি করে উইকেট। তবে নাহিদা মাত্র ৫ ম্যাচ খেলেই এই সাফল্য পেয়েছেন।
বাছাইপর্বের বাধা অনায়াসেই পার করে এখন ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠেয় বিশ্বকাপের মূল পর্বের অপেক্ষায় বাংলাদেশ। আগামী ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে লড়বে বিশ্বের সেরা দলগুলো।