এনসিপি নেতা শিশিরকে হত্যার হুমকি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশিরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। একটি বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়ে তাঁকে এই হুমকি দেওয়া হয়।
আজ সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জয়নাল আবেদীন শিশির তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেছেন।
ফেসবুক পোস্টে শিশির জানান, হোসাইন জাহিদ নামে এক ব্যক্তি হোয়াটসঅ্যাপে তাঁকে একটি বার্তা পাঠিয়েছেন। সেখানে লেখা ছিল, `তোকে নির্বাচনের আগেই গুলি করা হবে, এই পৃথিবীর কেউ তোকে বাঁচাতে পারবে না। তোর লাশ রাস্তার মধ্যে পড়ে থাকবে, মনে রাখিস।’
হুমকির বিষয়ে এনসিপির এই নেতা ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে লেখেন, `আজ আমাকে একটি নম্বর থেকে অফলাইন-অনলাইনে বারবার হত্যার হুমকি দেওয়া হচ্ছে। হাদি ভাইয়ের পর শহীদ হওয়ার সিরিয়ালটা কি আমার হবে? জুলুমের বিরুদ্ধে লড়াই করে শহীদ হওয়া জীবনের সবচেয়ে বড় সার্থকতা নয় কি?’
তিনি আরও দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন যে, ফ্যাসিবাদ ও নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে তাঁর কলম এবং লড়াই চলবে। তিনি কোনো হুমকির মুখে দমে যাবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন।
এই ঘটনার পর জীবনের নিরাপত্তা চেয়ে রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জয়নাল আবেদীন শিশির।