তিন দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম
টানা তিন দফায় কমার পর দেশের বাজারে আবারও চড়া হয়েছে স্বর্ণের দাম। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪২৪ টাকা বেড়েছে। ফলে এখন থেকে এক ভরি স্বর্ণ কিনতে গুনতে হবে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সকাল সাড়ে ১০টা থেকেই এই নতুন দাম কার্যকর করা হয়েছে।
বাজুসের ঘোষণা অনুযায়ী, বর্তমানে বাজারে বিভিন্ন মানের স্বর্ণের দাম হলো-
২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা।
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা।
১৮ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা।
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা।
এর আগে গত সোমবার (২ ফেব্রুয়ারি) কয়েক দফায় দাম কমার পর ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকায় বিক্রি হয়েছিল। একদিনের ব্যবধানে তা আবারও আড়াই লাখ টাকার ঘর ছাড়িয়ে গেল।
জুয়েলারি দোকান থেকে গয়না কেনার সময় বাজুস নির্ধারিত এই মূল্যের সাথে আরও কিছু খরচ যোগ হবে। এর মধ্যে রয়েছে ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত নূন্যতম ৬ শতাংশ মজুরি। ফলে গয়নার ডিজাইন ও মানভেদে ভরিপ্রতি চূড়ান্ত দাম কিছুটা বাড়তে পারে।