ঘাম ঝরানো জয়ে সেমিফাইনালে বার্সেলোনা
সেল্তা ভিগোর পর রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রে থেকে বিদায় করে দিয়েছিল দ্বিতীয় স্তরের দল আলবাসেত। বড় দলগুলোর জন্য আতঙ্কে পরিণত হওয়া এই দলটির বিপক্ষে জিততে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে বার্সেলোনাকেও। তবে শেষ পর্যন্ত কষ্টার্জিত জয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। সফরকারীদের হয়ে গোল দুটি করেন লামিনে ইয়ামাল ও রোনাল্ড আরাউহো। স্বাগতিকদের পক্ষে একমাত্র গোলটি করেন হাভিয়ের মোরেনো।
ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় বার্সেলোনা। পুরো ম্যাচে ৭৩ শতাংশ সময় বল দখলে রাখলেও আলবাসেতের রক্ষণ ভাঙতে বেশ বেগ পেতে হয়েছে কাতালানদের।
ম্যাচের ৩৯ মিনিটে ডেডলক ভাঙেন লামিনে ইয়ামাল। মার্কাস রাশফোর্ডের পাস থেকে পাওয়া বলে দুর্দান্ত ভলিতে গোল করেন ১৮ বছর বয়সী এই স্প্যানিশ ফরোয়ার্ড। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।
বিরতির পর ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রক্ষণভাগের তারকা রোনাল্ড আরাউহো। কর্নার থেকে আসা বলে দারুণ এক হেডে চলতি মৌসুমে নিজের তৃতীয় গোলটি করেন এই উরুগুইয়ান ডিফেন্ডার। ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর বার্সেলোনা আরও কিছু সুযোগ তৈরি করলেও রবার্ট লেভানদোভস্কি ও দানি ওলমোরা গোল করতে ব্যর্থ হন।
নাটকীয়তা শুরু হয় ম্যাচের শেষ দিকে। ৮৩ মিনিটে আলবাসেত একবার গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। তবে ৮৭ মিনিটে হাভিয়ের মোরেনোর হেডে গোল পেলে লড়াইয়ে ফেরে স্বাগতিকরা।
যোগ করা সময়ে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে আলবাসেত। বার্সার গোলরক্ষক হুয়ান গার্সিয়া গোললাইন থেকে প্রতিপক্ষের নিশ্চিত একটি আক্রমণ ঠেকিয়ে না দিলে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াতে পারত।
শেষ পর্যন্ত স্নায়ুচাপ সামলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদকে হারিয়ে চমক দেখানো আলবাসেতের স্বপ্নযাত্রা থামিয়ে শেষ চারের টিকিট কাটল ফ্লিকের দল।