ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন না ভোটাররা
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটারদের মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (৮ ফেব্রুয়ারি) ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখা থেকে এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
ইসি জানিয়েছে, ভোটকেন্দ্রের ৪০০ গজ এলাকার মধ্যে দায়িত্বরত নির্দিষ্ট কয়েকজন কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন সাথে রাখতে পারবেন না।
সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলামের সই করা এই চিঠিটি ইতোমধ্যে দেশের সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারদের কাছে পাঠানো হয়েছে।
কারা মোবাইল ব্যবহার করতে পারবেন?
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, শুধুমাত্র তিন দায়িত্বে থাকা ব্যক্তিরাই কেন্দ্রে মোবাইল ব্যবহারের সুযোগ পাবেন-
- ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার।
- কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ইনচার্জ।
- ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুইজন আনসার সদস্য।
এছাড়া অন্য কোনো ভোটগ্রহণ কর্মকর্তা বা ভোটার মোবাইল নিয়ে কেন্দ্রের সীমানায় প্রবেশ করতে পারবেন না।
প্রসঙ্গত, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ কার্যক্রম। এবার দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন ও মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।
নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র স্থাপনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ইসি। যার মধ্যে পুরুষদের জন্য ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং নারীদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি কক্ষ নির্ধারণ করা হয়েছে।