জয়ের ব্যাপারে আমি দৃঢ়ভাবে আশাবাদী : তারেক
দীর্ঘ এক যুগ পর নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার পর রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।
ভোট দেওয়া শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারেক রহমান জয়ের ব্যাপারে নিজের দৃঢ় বিশ্বাসের কথা জানান। তিনি বলেন, ‘বিগত এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করেছিলেন। আজ সেই প্রত্যাশা পূরণের দিন। দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিলে যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।’
নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি এবং আমার দল বিএনপি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। দেশের মানুষ ব্যালটের মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবে।’
সরকার গঠন করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান।
তারেক রহমান তাঁর বক্তব্যে নারীর ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্ব দেন। তিনি বলেন, ‘দেশের অর্ধেক জনসংখ্যা নারী। তাঁদের পিছিয়ে রেখে উন্নয়ন সম্ভব নয়। আমাদের ইশতেহার অনুযায়ী প্রথম দিন থেকেই নারীর যথাযথ মূল্যায়নে কাজ শুরু করা হবে।’
তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভয়ভীতি উপেক্ষা করে সারাদিন কেন্দ্রে অবস্থান করুন এবং নিজেদের অধিকার রক্ষা করুন। সবাইকে নিয়ে একটি স্থিতিশীল ও সুন্দর আগামীর স্বপ্ন দেখছেন বলেও জানান তিনি।