২৯৭ আসনের গেজেট প্রকাশ আজই: ইসি সচিব
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা ও গেজেট প্রকাশের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ কথা জানান।
আখতার আহমেদ বলেন, ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টি আসনের গেজেট আজই প্রকাশ করা হবে।
ইসি সচিব জানান, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। প্রাথমিক গণনা শেষে দেখা গেছে, এবারের নির্বাচনে মোট ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে।
সচিবের দাবি, সারাদেশে ভোটারদের উপস্থিতি ছিল স্বাভাবিক এবং বড় ধরনের কোনো সহিংসতা ছাড়াই ভোট সম্পন্ন হয়েছে।
আখতার আহমেদ বলেন, ‘আমরা দ্রুততম সময়ের মধ্যে ২৯৭টি আসনের ফলাফল প্রস্তুত করেছি। আজই এই আসনগুলোর গেজেট প্রকাশ করা হবে।’
নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের মাধ্যমেই নির্বাচিত প্রার্থীরা সরকারিভাবে সংসদ সদস্য হিসেবে স্বীকৃতি পাবেন। গেজেট প্রকাশের পর নিয়ম অনুযায়ী নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের প্রক্রিয়া শুরু হবে। এরপরই নতুন সরকার গঠনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
ইসি সচিব আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচনী কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টায় একটি উৎসবমুখর নির্বাচন উপহার দেওয়া সম্ভব হয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনার খবর পাওয়া গেলেও তা সামগ্রিক ফলাফলে কোনো প্রভাব ফেলেনি।