আমরা শান্তিপূর্ণ রাজনীতি চাই, বিশৃঙ্খলা চাই না : জামায়াত আমির

আমরা শান্তিপূর্ণ রাজনীতি চাই, বিশৃঙ্খলা চাই না : জামায়াত আমির

আমরা শান্তিপূর্ণ রাজনীতি চাই, বিশৃঙ্খলা চাই না : জামায়াত আমির

নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধ এবং নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় জোটের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, ‘সারাদেশে ১১ দলীয় জোটের নেতাকর্মী ও সমর্থকদের ওপর হামলা চালানো হচ্ছে। অনেকের বাড়ি-ঘর এবং ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট ও অগ্নিসংযোগের খবর পাওয়া যাচ্ছে। আমরা দেশে শান্তিপূর্ণ রাজনীতি চাই, কোনো ধরনের বিশৃঙ্খলা চাই না। এই হামলা দ্রুত বন্ধ করে নেতাকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।’

সংবাদ সম্মেলনে জামায়াত আমির নির্বাচনের কিছু সিদ্ধান্তের বিষয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘ব্যালট পেপারের একই ইস্যুতে দুই আসনে দুই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা-৮ আসনে যা গ্রহণ করা হয়েছে, ঢাকা-১৩ আসনে তা বাতিল করা হয়েছে। এমনকি দলের সেক্রেটারি জেনারেলের আসনেও অন্যায় করা হয়েছে।’

তিনি আরও অভিযোগ করেন যে, অনেক প্রার্থী ঋণখেলাপির তথ্য গোপন করলেও নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।

নতুন রাজনৈতিক সংস্কৃতির ওপর জোর দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা প্রতিশোধে বিশ্বাস করি না, আমরা এসব অন্যায়ের প্রতিকার চাই। যারা আমাদের উদারতাকে দুর্বলতা মনে করবে, তারা ভুল করবে। আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে চাই এবং নির্বাচনে দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব।’

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় দেশবাসীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘মানুষের জীবনের বিনিময়ে ২০২৬ সালের এই নির্বাচন সম্ভব হয়েছে। এখন ‘জুলাই সনদ’ কার্যকর করে দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিশ্চিত করতে হবে। অথচ দুঃখজনকভাবে আমরা দেখছি, বিভিন্ন জায়গায় ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসন করার চেষ্টা চলছে।’

সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। জোটের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনের বিভিন্ন অনিয়মের বিষয়ে তারা শীঘ্রই আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জানাবেন।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন