রাবিতে গোল্ড বাংলাদেশের নতুন সভাপতি সৈকত, সম্পাদক অনুপ ও নাঈম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিতর্কভিত্তিক সংগঠন ‘গোল্ড বাংলাদেশ’ (গ্রুপ অব লিবারেল ডিবেটার্স বাংলাদেশ)-এর ২০২৫-২৬ কার্যবর্ষে নতুন কার্যনির্বাহী (আংশিক) কমিটি গঠন করা হয়েছে। এতে সমাজবিজ্ঞান বিভাগের সৈকত হাসান ইমন সভাপতি এবং লোকপ্রশাসন বিভাগের অনুপ বৈদ্য সাধারণ সম্পাদক (বিতর্ক) ও দর্শন বিভাগের আবু নাঈম সাধারণ সম্পাদক (প্রশাসন) নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের ১২৬ নম্বর কক্ষে আয়োজিত এক বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিলে এই কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের ‘এসো যুক্তির আল্পনায় আঁকি প্রগতির মহাকাল’ স্লোগানকে সামনে রেখে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. রবিউল ইসলাম ও মডারেটর রাদিয়া আউয়াল তৃষা নতুন এই কমিটির অনুমোদন দেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম (কনক)।
দায়িত্ব গ্রহণের পর শুভেচ্ছা বক্তব্যে নবনির্বাচিত সভাপতি সৈকত হাসান ইমন বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রাচীন বিতর্ক সংগঠন হিসেবে গোল্ড বাংলাদেশের ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে এবং সর্বোচ্চ সাফল্য অর্জনে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
পূর্নাঙ্গ কমিটির বিষয়ে নবনির্বাচিত সাধারণ সম্পাদক (প্রশাসন) আবু নাঈম বলেন, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সংগঠন পরিচালনার জন্য বাকি সদস্যদের নাম ঘোষণা করা হবে।
উল্লেখ্য, ২০০৫ সালে যাত্রা শুরু করা এই সংগঠনটি বিগত ২১ বছর ধরে জাতীয় ও স্থানীয় পর্যায়ে বিতর্কে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল প্রতিনিধিত্ব করছে।