জাবিতে ছাত্রদলের ইফতার মাহফিল : অংশ নিলেন প্রায় ১৫০০ শিক্ষক-শিক্ষার্থী
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল- এর উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন মাঠে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৫০০-এর বেশি শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের অংশীজন অংশগ্রহণ করেন।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল- আহসান, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশেদুল আলম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
এছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার হক মজুমদার শিমুল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও ট্রাফিক জ্যামের কারণে নির্ধারিত সময়ে পৌঁছাতে পারেননি।
অনুষ্ঠানে বক্তব্যে উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, পবিত্র রমজান মাস আত্মসংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয় পরিবারে সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশকে আরও সুদৃঢ় করে। তিনি শিক্ষার্থীদের আর্থিক সংকটে পাশে দাঁড়ানোর জন্য ছাত্রদলের প্রতি আহ্বান জানান।
এ সময় জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, পবিত্র রমজান উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং বিশ্ববিদ্যালয় পরিবারকে একত্রিত করার লক্ষ্যেই এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
পরে দোয়া ও মোনাজাতে দেশ, জাতি এবং বিশ্ববিদ্যালয়ের শান্তি ও কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানে ছাত্রদলের নেতা-কর্মীদের পাশাপাশি বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের অংশীজন উপস্থিত ছিলেন।