জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হলেন কায়সার কামাল
ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের প্রথম অধিবেশনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদে নির্বাচিত হন।
সংসদের অধিবেশন পরিচালনাকারী সভাপতি খন্দকার মোশাররফ হোসেন জানান, ডেপুটি স্পিকার পদের জন্য কেবল একটিই মনোনয়ন জমা পড়েছিল। নেত্রকোনা-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বর্তমান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল এই দায়িত্ব পালনে সম্মতি প্রকাশ করেন।
অধিবেশন চলাকালে কায়সার কামালের নাম প্রস্তাব করেন সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার। সেই প্রস্তাব সমর্থন করেন সংসদ সদস্য আশরাফউদ্দিন। এরপর নিয়ম অনুযায়ী প্রস্তাবটি সংসদে ভোটের জন্য পেশ করা হয়। উপস্থিত সরকার দলীয় সকল সদস্যের ‘হ্যাঁ’ ভোটে তিনি সর্বসম্মতিক্রমে ডেপুটি স্পিকার নির্বাচিত হন।
ব্যারিস্টার কায়সার কামাল এবার নেত্রকোনা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পেশায় একজন আইনজীবী ও রাজনীতিবিদ হিসেবে পরিচিত কায়সার কামাল বর্তমানে সরকারের ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করছেন। এবার স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে তিনি সংসদ পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্বে যুক্ত হলেন।
এর আগে সকালে সংসদের প্রথম অধিবেশনে নতুন স্পিকার নির্বাচিত করা হয়। এরপরই শুরু হয় ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া।