আমরা কারও আধিপত্য মেনে নেব না : জামায়াত আমির
বাংলাদেশ আর কারও আধিপত্য সহ্য করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আজ মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে মিরপুর-১০ এর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
চীনের সহায়তায় আয়োজিত এই ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা সারা বিশ্বের সব সভ্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। তবে একটি কথা পরিষ্কার—আমরা আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না। অতীতে এমন বোঝা টানা হয়েছে, কিন্তু এখন আমরা তা ঝেড়ে ফেলে দিয়েছি।’
তিনি আরও যোগ করেন, ‘এই আধিপত্যের বোঝা আর কখনও আমাদের ঘাড়ে উঠবে না। আমাদের তরুণ সমাজ এটা মোটেও সহ্য করবে না। তারা মাথা উঁচু করে বাঁচতে চায় এবং বিশ্বের দরবারে গর্বিত বাংলাদেশি হিসেবে নিজেদের পরিচয় দিতে চায়।’
নিজের নির্বাচনী এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য চীন সরকার ও দেশটির রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, ‘এই উপহার যদি ঈদের দিনে আমাদের ভাই-বোনদের মুখে একটুখানি হাসির ঝিলিক এনে দেয়, তবেই আমাদের প্রাপ্তি।’
বিতরণ কার্যক্রম নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘সরকার বা বন্ধু দেশগুলো থেকে যা পাব, তা হুবহু আপনাদের হাতে পৌঁছে দেব। আপনাদের পাওনা বুঝিয়ে দেওয়া আমাদের আমানত। এর বাইরে আমরা নিজেরাও ব্যক্তিগতভাবে কিছু যোগ করার চেষ্টা করব, কারণ আপনাদের প্রতি আমাদেরও কিছু দায়-দায়িত্ব আছে।’