দেশের সব ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত
সারাদেশে জ্বালানি তেলের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে এবং অবৈধ মজুত ঠেকাতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। এখন থেকে দেশের প্রতিটি ফিলিং স্টেশনে তদারকির জন্য একজন করে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেওয়া হবে।
আজ শনিবার (২৮ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বার্তায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (২৭ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন করে সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হবে। এলাকাভেদে এই নিয়োগ প্রক্রিয়া হবে ভিন্ন ভিন্ন- ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ট্যাগ অফিসার নিয়োগের দায়িত্ব পালন করবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।
জেলা ও বিভাগীয় শহরগুলোতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা (ডিসি) তাঁদের আওতাধীন পাম্পগুলোর জন্য কর্মকর্তা নিয়োগ দেবেন। অন্যদিকে, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) তাঁদের এলাকায় প্রতিটি পাম্পের জন্য একজন করে ট্যাগ অফিসার নিশ্চিত করবেন।
নিযুক্ত ট্যাগ অফিসাররা সরাসরি মাঠ পর্যায়ে জ্বালানি তেল বিক্রি ও মজুত তদারকি করবেন। তাঁরা বিপিসি বা জ্বালানি বিভাগের নির্ধারিত পদ্ধতিতে প্রতিদিনের কাজের প্রতিবেদন জমা দেবেন। জ্বালানি খাতের স্বচ্ছতা বজায় রাখতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ইতোমধ্যেই প্রতিটি পেট্রোল পাম্পের জন্য কর্মকর্তা নিয়োগ দিয়ে সেই তথ্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠানোর জন্য সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে অনুরোধ জানানো হয়েছে। সরকার আশা করছে, এই তদারকির ফলে তেলের বাজারে কৃত্রিম সংকট তৈরি বা অবৈধ মজুতদারদের দৌরাত্ম্য বন্ধ হবে।