জাতীয় সংসদে একাধিক বিল পাস

জাতীয় সংসদে একাধিক বিল পাস

জাতীয় সংসদে একাধিক বিল পাস

অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা বিভিন্ন অধ্যাদেশকে স্থায়ী আইনে পরিণত করতে আজ জাতীয় সংসদে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। এর মধ্যে রয়েছে বহুল আলোচিত গণপ্রতিনিধিত্ব (সংশোধন) বিল ও ভোটার তালিকা (সংশোধন) বিল।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদে বিলগুলো উত্থাপন করেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিলগুলো ভোটে দিলে সংসদ সদস্যদের সর্বসম্মতিক্রমে তা পাস হয়।

জানা গেছে, অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশগুলো গ্রহণ করার বিষয়ে সংসদীয় বিশেষ কমিটিতে সব দলের সদস্যরা একমত হয়েছিলেন। ফলে আজ সংসদে কণ্ঠভোটে কোনো বাধা ছাড়াই বিলগুলো পাস হয়।

আজ সংসদে পাস হওয়া অন্যান্য বিলের মধ্যে রয়েছে : জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ (সংশোধন) বিল, ২০২৬; নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) বিল, ২০২৬; নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) (সংশোধন) বিল, ২০২৬; জাতীয় সংসদ সচিবালয় (অন্তর্বর্তী বিশেষ বিধান) রহিতকরণ বিল, ২০২৬; এবং বাংলাদেশ আইন কর্মকর্তা (সংশোধন) বিল, ২০২৬।

আজকের অধিবেশনে আইনমন্ত্রী আরও চারটি নতুন বিল সংসদে পেশ করেছেন। এগুলোর মধ্যে রয়েছে- সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল, সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল, জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এই বিলগুলো এখন সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে যাচাই-বাছাইয়ের জন্য পাঠানো হবে। সেখান থেকে প্রতিবেদন আসার পর এগুলো পাসের জন্য চূড়ান্তভাবে তোলা হবে। মূলত নির্বাচন ব্যবস্থা এবং বিচার বিভাগের সংস্কারের অংশ হিসেবেই এই আইনি পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে।