শেখ হাসিনা ও কামালকে ফেরত দিতে আবারও ভারতকে অনুরোধ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে আবারও আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভারতের দিল্লিতে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের কাছে এই দাবি পুনর্ব্যক্ত করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরির সঙ্গেও বৈঠক করেন। এসব বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন। আলোচনায় দুই দেশের পারস্পরিক সম্পর্ক এগিয়ে নেওয়া এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করা হয়।
বৈঠকে ড. খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করছে। পারস্পরিক আস্থা, সম্মান ও লাভের ভিত্তিতেই বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হবে।
শহীদ ওসমান হাদির সন্দেহভাজন খুনিদের গ্রেপ্তারের জন্য তিনি ভারত সরকারকে ধন্যবাদ জানান। একই সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী গ্রেপ্তারকৃতদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠাতে উভয় পক্ষ একমত হয়েছে।
ভারতীয় পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সপ্তাহগুলোতে বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা সেবা আরও সহজ করা হবে, বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক প্রয়োজনে যারা ভারত যেতে চান তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ভারত থেকে ডিজেল ও সার আমদানির পরিমাণ বাড়ানোর অনুরোধ জানালে ভারতের মন্ত্রী হরদীপ সিং পুরি বিষয়টি ইতিবাচকভাবে দেখার আশ্বাস দেন।
বৈঠকে দুই দেশের জাতীয় নিরাপত্তা এবং অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে নিয়মিত আলোচনা চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। অপরাধীদের প্রত্যর্পণ এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দুই দেশ ভবিষ্যতে আরও নিবিড়ভাবে কাজ করবে বলে একমত হয়েছে।