মঙ্গলবার কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দেশের কৃষকদের ভাগ্য উন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। আগামী মঙ্গলবার (১৪ এপ্রিল) দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণের প্রি-পাইলট কর্মসূচির শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে এই কর্মসূচির বিস্তারিত তথ্য জানানো হয়েছে।
আগামী মঙ্গলবার সকাল ১০টায় টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে এই ডিজিটাল কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা করবেন।
এই কর্মসূচির আওতায় প্রথম ধাপে দেশের ১০টি উপজেলায় একযোগে ‘কৃষক কার্ড’ কার্যক্রম শুরু হচ্ছে।
উপজেলাগুলো হলো- টাঙ্গাইল সদর, পঞ্চগড় সদর ও বোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজারের জুড়ী।
সরকারি সূত্রে জানা গেছে, এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের শনাক্ত করা সহজ হবে। এর ফলে কৃষি ঋণ, সার, বীজ ও বিভিন্ন সরকারি প্রণোদনা সরাসরি কৃষকদের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে এই ডিজিটাল কার্ড বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে টাঙ্গাইলসহ সংশ্লিষ্ট উপজেলাগুলোতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।