গুমের মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক গ্রেপ্তার
গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাঁকে দুই দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।
আজ সোমবার (১৩ এপ্রিল) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। আদালতের অন্য দুই সদস্য হলেন— বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
ট্রাইব্যুনালে আজ প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি শুনানিতে গুমের মামলায় শেখ মামুন খালেদকে গ্রেপ্তার দেখানোর আবেদন করার পাশাপাশি তাঁকে জিজ্ঞাসাবাদের অনুমতি চান। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত সাবেক এই উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২৫ মার্চ রাতে মিরপুর ডিওএইচএসের বাসা থেকে মামুন খালেদকে গ্রেপ্তার করা হয়েছিল। আজ বিকেলে তাঁকে কড়া পাহারায় ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে অন্য মামলায় তাঁকে কয়েক দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
বিগত সময়ে দেশে বিভিন্ন গুমের ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মামুন খালেদসহ বেশ কয়েকজন সাবেক কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে।