রাতে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এ বছরের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে আজ। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাত সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের সুবিধার্থে এবার বিমানের ভাড়া কমানো হয়েছে এবং ফ্লাইট শিডিউলও বাড়ানো হয়েছে। সব ধরনের প্রস্তুতি শেষ করেই এই কার্যক্রম শুরু করা হচ্ছে।
ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আজ রাত শেষেই অর্থাৎ ১৮ এপ্রিল দিবাগত রাত ১২টা ২০ মিনিটে প্রথম হজ ফ্লাইটটি ঢাকা ছাড়বে। ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে রওনা হবে।
বাংলাদেশ থেকে এবার মোট ৭৮ হাজার ৫০০ জন হজ করতে যাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারিভাবে যাচ্ছেন ৭৩ হাজার ৯৩৫ জন। মোট হজযাত্রীর অর্ধেক বহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাকি অর্ধেক পরিবহন করবে সাউদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইন্স।
কাল প্রথম দিনে মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে বিমান বাংলাদেশের ৬টি, সাউদিয়ার ৩টি এবং ফ্লাইনাসের ৩টি ফ্লাইট রয়েছে। আগামী ২১ মে হজ পূর্ববর্তী শেষ ফ্লাইট ঢাকা ছাড়বে। পুরো মৌসুমে সব মিলিয়ে ২০৭টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে।
চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে, যা চলবে ১ জুলাই পর্যন্ত।