১১ দলীয় জোটের নারী প্রার্থী ঘোষণা: মনোনয়ন পেয়েছে জুলাই শহীদ পরিবার
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১৩ জন প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন। তিনি জানান, শরিক দলগুলোর সাথে ঐক্যবদ্ধভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) প্রার্থীরা নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিল করবেন।
মনোনীত প্রার্থীদের মধ্যে জামায়াতে ইসলামী থেকে ৮ জন এবং জুলাই বিপ্লবের শহীদ পরিবার থেকে ১ জন রয়েছেন। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ২ জন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) থেকে ১ জন এবং বাংলাদেশ খেলাফত মজলিস থেকে ১ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
চূড়ান্ত প্রার্থীরা হলেন- নুরননেসা সিদ্দিকা (জামায়াত), মারজিয়া বেগম (জামায়াত), অ্যাডভোকেট সাবিকুন নাহার (জামায়াত), নাজমুন নাহার (জামায়াত), অধ্যাপক মাহফুজা (জামায়াত), সাজেদা সামাদ (জামায়াত), শামসুন্নাহার বেগম (জামায়াত), ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ (জামায়াত), রোকেয়া বেগম (জুলাই শহীদ পরিবার), মনিরা শারমিন (এনসিপি), ডা. মাহমুদা আলম মিতু (এনসিপি), তাসমিয়া প্রধান (জাগপা) ও ইঞ্জিনিয়ার মাহমুদা হাকিম (খেলাফত)।
উল্লেখ্য, সোমবার দুপুরে নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেখানে চূড়ান্ত তালিকা প্রকাশ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।