সংসদে কেনাকাটায় দুর্নীতি তদন্তে ৫ সদস্যের কমিটি
জাতীয় সংসদ সচিবালয়ের কেনাকাটায় নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সংসদ সচিবালয়ের এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
সম্প্রতি সংসদ সচিবালয়ের কেনাকাটায় বড় ধরনের অসঙ্গতি ও দুর্নীতির খবর প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে। সেই অভিযোগগুলো খতিয়ে দেখতেই এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।
সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিনকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, ঢাকা-১২ আসনের সংসদ সদস্য মো. সাইফুল আলম, চট্টগ্রামের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
তদন্ত কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে বিস্তারিত তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। দুর্নীতি বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তদন্ত চলাকালীন এক বিশেষ সিদ্ধান্ত নিয়েছে সংসদ সচিবালয়। জানানো হয়েছে, তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত বিতর্কিত কেনাকাটার সঙ্গে জড়িত কোনো বিল বা অর্থ পরিশোধ করা হবে না।