জামিন পেলেন শিশু সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী
রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় গ্রেপ্তার হওয়া যুব মহিলা লীগ নেত্রী মোসা. শিল্পী বেগমকে জামিন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন।
এর আগে আজ দুপুরের দিকে শিল্পী বেগমের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁর দেড় মাস বয়সী শিশুসন্তানসহ কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত। পরে পুনরায় আবেদনের প্রেক্ষিতে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে জানানো হয়েছে, গতকাল সোমবার রাতে গোপন খবরের ভিত্তিতে শিল্পী বেগমকে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। আজ দুপুরে তেজগাঁও থানার এই মামলায় তদন্ত কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
শিল্পী বেগমের কোলে তখন তাঁর মাত্র এক মাস ১৬ দিন বয়সী ছোট শিশু ছিল। মানবিক কারণে এবং পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় পরবর্তীতে আদালত তাঁকে জামিন দেন।
মামলার নথিপত্র অনুযায়ী, শিল্পী বেগমকে ২০২৫ সালের জানুয়ারি মাসে তেজগাঁও থানায় হওয়া একটি মামলায় গ্রেপ্তার করা হয়। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে যে, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ মুবিন রাতুলের ওপর হামলা এবং তাঁর বাসায় লুটপাটের ঘটনায় শিল্পী বেগমের সম্পৃক্ততা ছিল।
ভুক্তভোগীর মা শাহনূর খানম বাদী হয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১০৩ জনের নাম উল্লেখ করে এবং আরও ১২০-১৩০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছিলেন।