পশ্চিমবঙ্গে বিজেপি জয়ী হওয়ায় দেশের মুসলিমদের সজাগ থাকার আহ্বান নাসীরুদ্দীন পাটোয়ারীর
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সাম্প্রতিক সময়ে ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি জয়ী হয়েছে। এটি একটি গেরুয়া পতাকা। এই গেরুয়া পতাকা বাংলাদেশের কাছাকাছি চলে এসেছে। মুসলমানরা যদি সজাগ না থাকে, যদি ইমানি শক্তি না থাকে, তাহলে এ পরিস্থিতি মোকাবিলা করা কঠিন হবে।
শুক্রবার (৮ মে) নারায়ণগঞ্জের মাসদাইর সিটি কবরস্থান জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দিন পাটোয়ারী বলেন, গত ১৫ বছরে অনেক আলেম নির্যাতনের শিকার হয়েছেন এবং সাধারণ মানুষও নানা কষ্টের মধ্যে ছিলেন। আমরা সবাই যদি একটি কাঠামো তৈরি করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশ নতুনভাবে পরিবর্তন হবে।
তিনি আরও বলেন, সমাজ পরিবর্তনে মসজিদভিত্তিক সামাজিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। মসজিদের সঙ্গে স্কুল, হাসপাতাল ও সমাজকল্যাণমূলক কার্যক্রম যুক্ত করা গেলে অসহায় মানুষ সহজে শিক্ষা, চিকিৎসা ও সহযোগিতা পাবে।
এতিম, অসহায় নারী ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়াতে মসজিদ কমিটিগুলোর প্রতিও আহ্বান জানান তিনি।
জুমার নামাজ শেষে মসজিদ কমপ্লেক্সের সামনে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, নারায়ণগঞ্জে যেন কোনো দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ বা দখলবাজ এমপি হতে না পারে, সেই বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। এ সময় তিনি ‘নারায়ে তাকবির’ স্লোগান দিলে উপস্থিত মুসল্লিরা ‘আল্লাহু আকবার’ ধ্বনি দেন।
এদিকে, জুমার নামাজ শেষে নেতাকর্মীদের নিয়ে বের হওয়ার সময় হুড়োহুড়িতে মসজিদের পেছনের ফটকের কাচ ভেঙে পাঁচজন মুসল্লি আহত হন। মসজিদের ফ্লোরে রক্তের দাগ দেখা যায় এবং ভাঙা কাচ ছড়িয়ে পড়ে। এতে মুসল্লিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। অনেকেই সুন্নত নামাজ আদায় করতে পারেননি বলে অভিযোগ করেন। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন মুসল্লি।