জাবিতে তিন বহিরাগত আটক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নারী শিক্ষার্থীদের প্রতি অশোভন আচরণ ও গালাগালির অভিযোগে বহিরাগত তিনজনকে আটক করা হয়েছে। রোববার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের মাধ্যমে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।
জানা যায়, তিনজন যুবককে প্রক্টর অফিসে নিয়ে আসেন শিক্ষার্থীরা। অভিযোগ রয়েছে, তাদের একজন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে নারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অশ্লীল গালিগালাজ করেন। অপর একজন ক্যাম্পাসের বটতলা এলাকার একটি খাবারের দোকানের কর্মচারী এবং সে দোকানে অবস্থান করে অশ্লীল অঙ্গভঙ্গি করে বলে অভিযোগ ওঠে।
তৃতীয়জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের দেখে সেখানে গিয়ে তার ফেসবুকে লাইভ ভিডিও করা শুরু করেন।
পরে অভিযুক্ত তিনজনকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হলে সেখানে শিক্ষার্থীরা জড়ো হন। একপর্যায়ে উত্তেজিত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও উপাচার্যকে উদ্দেশ্য করে অশালীন ও আপত্তিকর ভাষায় স্লোগান ও গালিগালাজ করতে দেখা যায়।
ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন ও অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করলে তাদেরও বাঁধার মুখে পড়তে হয়।
কয়েকজন সাংবাদিক অভিযোগ করেন, শিক্ষার্থীদের একটি অংশ তাদের ঘিরে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ভিডিও ধারণ ও তথ্য সংগ্রহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
পরবর্তীতে অভিযুক্তদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।